শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে টেরীবাজারের বিভিন্ন মার্কেটের নিরাপত্তা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ০৮ই জানুয়ারি ২০২৬ইং রোজ বৃহস্পতিবার টেরীবাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা সমাজের সকল শ্রেণির মানুষের নৈতিক দায়িত্ব। টেরীবাজারের বিভিন্ন মার্কেটের নিরাপত্তা কর্মীরা দিন-রাত পরিশ্রম করে বাজারের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। তাদের এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।
বক্তারা আরও বলেন, টেরীবাজার ব্যবসায়ী সমিতি সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে নিরাপত্তা কর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং টেরীবাজার ব্যবসায়ী সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান।












