চট্টগ্রাম রাজনীতি

সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের একটি অংশের গভীর সম্পর্ক রয়েছেঃ সরওয়ার আলমগীর

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন,নিরীহ মানুষকে হয়রানি নয়,অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী এখনো সঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।
রবিবার ১১ জানুয়ারী সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ফটিকছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। অথচ মামলা নেই- এমন নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরওয়ার আলমগীর আরও বলেন, সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের একটি অংশের গভীর সম্পর্ক রয়েছে। অতীতে দেখা গেছে,নিরীহ মানুষকে ধরে এনে চাঁদাবাজি করা হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের ঘটনার সময় এসব অপতৎপরতা আরও স্পষ্ট হয়েছে।
তিনি বলেন,একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার অভিযোগও উঠেছে,যা উদ্বেগজনক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন,শেখ হাসিনা তার বাবুর্চিসহ সবাইকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু দেশে এখনো কিছু নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন,যারা কোনো অন্যায় বা অপরাধে জড়িত ছিলেন না। তাদের হয়রানি করার কোনো যুক্তি নেই।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন,যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের ধরার দরকার নেই। আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে অবিলম্বে অস্ত্র উদ্ধার করতে হবে এবং প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, শাহনেওয়াজ সেবুল,সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী,লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, মনছুর আলম চৌধুরী,আবু আজম তালুকদার,মনসুর চৌধুরী,মঈন চৌধুরী,সুজা উদ্দিন চৌধুরী,হান্নান চৌধুরী ও মোজাহার ইকবাল লাভলু প্রমূখ।

Related Posts