ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতা ছাত্রদলে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী দল কার্যালয়ে তাঁরা ছাত্রদলে যোগদান করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর।
অনুষ্ঠানে সরোয়ার আলমগীর নবযোগদানকৃত ছাত্রনেতাদের স্বাগত জানিয়ে বলেন, “স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে ছাত্রসমাজ। যেখানে রাজনীতিবীদরা ভুল করেছে সেখানেই ছাত্রসমাজ এগিয়ে এসে দেশকে সঠিক পথ দেখিয়েছে। তাই আগামীর ছাত্রসমাজ মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশকে এগিয়ে নেবে। মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনাকে ধারণ করে সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।”
সরোয়ার আলমগীর বলেন, “ফটিকছড়িতে বিস্তীর্ণ ভূমি রয়েছে। আছে ১৮ টি চা বাগান। মেধাবী ছাত্রসমাজ রয়েছে। তাই এখানে শিল্পকারখানা গড়ে তোলার সুযোগ রয়েছে। আমি বেপজা ও বেজাকে বলবো এখানে শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য। যেখানে আধুনিক কারখানা শিক্ষিত মেধাবীরা কাজের সুযোগ পাবেন।”
আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মোঃ আদনান, মোঃ মারুফ, মোঃ মাসুদ, মোঃ জিয়া উদ্দিন, মোঃ রিয়াদ, মো: সামীর সিদ্দিকী ছাত্রদলে যোগ দেন।
অনুষ্ঠানে ফটিকছড়ির ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ফুল দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ নেতাকে ছাত্রদলে বরণ করে নেয়া হয়।












