ঐতিহ্যবাহী সরকারী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা আজ ২৩ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। স্কুলটিতে এবার পূজার ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে অধিবাসের মাধ্যমে বাণী অর্চ্চনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পূজার ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচার মধ্যে ছিল-শুক্রবার সকাল ১০টায় ঘটস্থাপন ও পূজা আরম্ভ, বেলা ১২টায় পুষ্পাঞ্জলি ও যজ্ঞ, বেলা সাড়ে ১২টায় হোমকর্ম, দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যারতিসহ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২৪ জানুয়ারি শনিবার মধ্যাহ্নে দেবীর বিসর্জন। পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠানে হিন্দু শিক্ষক-শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করেছেন। স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ তজল্লী আজাদের অনুমতিক্রমে ও সিনিয়র শিক্ষক শিপ্রা সিকদারের সার্বিক তত্ত্বাবধানে হিন্দু শিক্ষকগণের সহযোগিতায় ‘কলেজিয়েট স্কুল বাণী অর্চনা উদযাপন পরিষদ-২০২৬’ নামক সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা ৫ম বারের মতো শ্রীশ্রী সরস্বতী পূজার আয়োজন করে। এবার কলেজিয়েট স্কুলের বাণী অর্চনা উদযাপন কমিটিতে ছিলেন-শিক্ষক সুকুমার জলদাশ, সুশান্ত দে, প্রণব কুমার নন্দী, টুম্পা ভট্টাচার্য, ইলাশ্রী চৌধুরী ও দেবীকা ঘোষ। শিক্ষার্থীদের মধ্যে পূজার দায়িত্বে ছিলেন-সজীব পাল (কোষাধ্যক্ষ), রাতুল চৌধুরী, রাজন চৌধুরী, ধ্রুব দেব চৌধুরী, প্রিয়ম বিশ্বাস, দেবমাল্য চৌধুরী, অরিত্র দত্ত, অনুরাগ চক্রবর্তী, রাকেশ ত্রিশূল রুদ্র, অনবদ্য সেনগুপ্ত, পূর্ণ মজুমদার, প্রতীক চৌধুরী, আদিত্য চৌধুরী, অপূর্ব চক্রবর্তী ও আয়ুস্মান দত্ত।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক সুশান্ত দে জানান, ১৮৩৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৭৫ বছর পর ২০১১ সালে এ বিদ্যালয়ে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছিল। এর পর গত ২০২২ সাল থেকে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে আড়ম্বরপূর্ণ পরিবেশে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বিদ্যালয়টিতে শ্রীশ্রী সরস্বতী পূজার ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। ###












