চট্টগ্রাম নির্বাচন

তারেক রহমানের জনসভা , উচ্ছ্বসিত, উল্লসিত বিএনপি নেতাকর্মিরা

 

চট্টগ্রামে রোববার বিএনপি উত্তর, দক্ষিণ ও মহানগরের মহাসমাবেশ। বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মহাসমাবেশে যোগ দিতে এরিমধ্যে চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান চট্টগ্রামের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাইবেন। একই সাথে ১৬ জন এমপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন।
দীর্ঘদিন পর চট্টগ্রামকে রাজনৈতিক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই দশক পর তার এই সফর শুধু একটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটিকে ঘিরে বিএনপির ভেতরে নতুন করে সাংগঠনিক সক্রিয়তা, নেতৃত্বের দৃশ্যমানতা এবং মাঠের রাজনীতিতে শক্ত অবস্থান জানান দেওয়ার প্রচেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে। সমাবেশকে ঘিরে চট্টগ্রাম বিএনপিতে বিরাজ করছে ব্যস্ততা ও প্রত্যাশার আবহ।
নেতারা বলছেন, উৎসবের আমেজ বিরাজ করছে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে। এ উৎসব ও আনন্দ কেবল দলের নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রামে। তাই সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তানকে বরণ করতে এবং তাঁর কথা শুনতে পুরো চট্টগ্রামবাসীই উন্মুখ হয়ে আছে। একইসঙ্গে তারেক রহমানের আগমনে চট্টগ্রামে উজ্জ্বীবিত বিএনপি’র রাজনৈতিক গতি বৃদ্ধি পাবে এবং সাধারণ ভোটাররাও উৎসাহ পাবেন বলে মনে করেন তারা।
জানা গেছে, এ সমাবেশে ১০ থেকে ১৫ লাখ লোকের সমাগম ঘটাতে চায় দলটি। সমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ডে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ তৈরি করা হয়েছে।
জানা গেছে, বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চট্টগ্রামে সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য রেখেছিলেন। তাঁর মৃত্যুর পর গত ৯ জানুয়ারি তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ওই হিসেবে ১৪ বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এছাড়া দলের প্রধান হিসেবে আজকেই প্রথম চট্টগ্রাম আসবেন তিনি। ২০০৫ সালে তার সর্বশেষ চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। ওইসময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে
বিএনপি’র মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জন্য ভোট চেয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন। ওই হিসেবে দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রামে আসবেন এবং একইসঙ্গে প্রথম বড় কোনো সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির নেতৃত্বের কাছে এই সফর একটি কৌশলগত পদক্ষেপ। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর দলকে আবার মাঠের রাজনীতিতে সক্রিয় ও দৃশ্যমান করার প্রয়াস হিসেবেই চট্টগ্রাম সফরকে দেখা হচ্ছে। দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম বড় মাঠের কর্মসূচি হওয়ায়, তার বক্তব্যকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
চট্টগ্রাম বিএনপির নেতারা মনে করছেন, দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই নগরীতে বড় ধরনের জনসমাগম ঘটাতে পারলে তা জাতীয় রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থান জানান দেবে। সে কারণেই নগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি বিস্তৃত করা হয়েছে। দলীয় কর্মসূচিতে এবার শুধু নেতাকর্মীদের নয়, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির মানুষকে যুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই সফরকে ঘিরে দলীয় কাঠামোর বাইরে থেকেও সাধারণ মানুষের আগ্রহ লক্ষ করা যাচ্ছে, যা বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
দলীয় পর্যবেক্ষকদের মতে, তারেক রহমানের এই সফর মূলত তিনটি বার্তা বহন করছে। প্রথমত, দলীয় প্রধান হিসেবে তিনি মাঠের রাজনীতিতে সরাসরি নেতৃত্ব দিতে প্রস্তুত। দ্বিতীয়ত, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে সাংগঠনিক শক্তি নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তৃতীয়ত, রাজনৈতিক প্রতিপক্ষ ও প্রশাসনের প্রতি একটি শক্ত অবস্থান জানান দেওয়ার প্রয়াসও এতে রয়েছে।
সমাবেশ ঘিরে প্রস্তুতির চিত্রও এবার ব্যতিক্রমী। নগরজুড়ে চলছে মাইকিং, লিফলেট বিতরণ, প্রচারণা ট্রাক ও স্বাগত মিছিল। বিএনপির অঙ্গ-সংগঠনগুলো আলাদা আলাদা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। যুব ও ছাত্র সংগঠনগুলো তরুণদের সম্পৃক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠপর্যায়ের কর্মসূচি চালাচ্ছে। দলীয় নেতারা বলছেন, এবার সমাবেশে তরুণদের উপস্থিতি হবে চোখে পড়ার মতো।
মাঠের প্রস্তুতির দিক থেকেও সমাবেশটি বড় পরিসরের। পলোগ্রাউন্ড মাঠে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের মঞ্চ নির্মাণ করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় মঞ্চের সামনে ও আশপাশে একাধিক স্তরের ব্যবস্থা রাখা হয়েছে। নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের দাবি, মাঠের পুরো ব্যবস্থাপনাই জনসমাগমের চাপ সামাল দেওয়ার মতো করে সাজানো হয়েছে।
নিরাপত্তা ইস্যুটিও সমাবেশের একটি গুরুত্বপূর্ণ দিক। বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ চট্টগ্রামে মোতায়েন থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আলাদা নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার থেকে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ সমাবেশে যোগ দেবেন। গণমানুষকে সম্পৃক্ত করা হবে। সিলেট–হবিগঞ্জের মতো এখানেও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে। অতীতের সব জনসমাগমের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, চট্টগ্রামের প্রতিটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থীদের নেতৃত্বে জনস্রোত সৃষ্টি হবে। লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে স্পষ্ট হয়ে যাবে-চট্টগ্রাম বিএনপির শক্ত ঘাঁটি।
তিনি বলেন, অনেক তরুণের কাছে তারেক রহমানের বক্তব্য আগামীর রাজনৈতিক দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের আশা, তিনি অর্থনীতি, কর্মসংস্থান ও গণতন্ত্র নিয়ে স্পষ্ট বার্তা দেবেন। এতে তরুণদের মধ্যে বিএনপির প্রতি নতুন আগ্রহ তৈরি হতে পারে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাকে করে সমাবেশের প্রচারণা চলছে, স্বাগত মিছিল হচ্ছে। পাড়া-মহল্লায় গানের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তরুণ ও যুবকদের সম্পৃক্ত করতে কাজ করা হচ্ছে। দলীয় নেতাকর্মীর বাইরেও তরুণ-যুবকেরা এতে অংশ নেবেন। তারা তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় আছেন। তিনি আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। তার দাবি, অতীতের যেকোনো সমাবেশের তুলনায় এবার মানুষের অংশগ্রহণ বেশি হবে। তিনি মনে করেন, চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই রাজনৈতিক বার্তা দেশের অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলবে।

Related Posts