নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য জানান।
এবারের এসএসসি পরীক্ষায় ২০৪টি কেন্দ্রে এক হাজার ৭৬টি স্কুলের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৬১ হাজার ৭৮ জন। এরমধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল এক লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। যাদের মধ্যে পাস করেছে এক লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন।
নারায়ণ চন্দ্র নাথ জানান, এবার চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫ দশমিক ২৭ শতাংশ। মহানগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাশের ৯১ দশমিক ০১ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২ দশমিক ১৯ শতাংশ। এবার ছাত্র পাসের হার ৯০ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৯১ দশমিক ৯৯ শতাংশ। এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬ দশমিক ৮২ শতাংশ, মানবিকে ৮৭ দশমিক ৪৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২ শতাংশ।
জেলার মধ্যে এবার কক্সবাজার জেলায় ৯০ দশমিক ৯৪ শতাংশ, রাঙামাটিতে ৮৬ দশমিক ৮৩ শতাংশ, খাগড়াছড়িতে ৮৪ দশমিক ১৯ শতাংশ এবং বান্দরবানে পাসের হার ৯০ দশমিক ৮৫ শতাংশ।












