পুঁথিগত বিদ্যার পাশাপাশি সুস্থ, সুন্দর সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই গড়ে ওঠে একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ মানসিক বিকাশ।একটি শিশু হয়ে ওঠে একজন সমৃদ্ধ, সহনশীল, পরমতসহিষ্ণু ও মানবিক মানুষে।সেই লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় এ বছরও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত হয় বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম মোর্শেদ পিএসসির সভাপতিত্বে ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের মাননীয় কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।
দুইটি পর্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল পুরস্কার বিতরণ ও দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের মধ্যে ইসলামিক পরিবেশনা, পুতুল নাচ, লাঠি নৃত্য, আধুনিক নৃত্য, ক্লাসিক্যাল নৃত্য, নজরুল, ভাওয়াইয়া, লোকগীতি, আধুনিক গান, দেশাত্মবোধক গান, ব্যান্ড সংগীত, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি, প্ল্যানচ্যাট পরিবেশনা উল্লেখযোগ্য।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সংস্কৃতির যে সমৃদ্ধ ধারা রয়েছে তার যথাযথ চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের আলোকিত মানুষ হয়ে উঠবে। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অনুষ্ঠানে আগত সকল সামরিক- বেসামরিক অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।












