হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বুধবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে কাল সকালে বা বিকেলের মধ্যেই সিঙ্গাপুর নেওয়া হবে।
গত রোববার থেকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নির্মল রঞ্জন গুহ। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন জানান, গত রোববার রাতে নির্মল রঞ্জন গুহের রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেয়া হলে পালস পাওয়া যায়। তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়।
নির্মল রঞ্জন গুহর স্ত্রী আলেয়া রানী গুহ জানান, গত রোববার তার স্বামী দোহারে গিয়েছিলেন। সেখানে তার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে ওইদিন রাতেই তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের উপ পরিচালক আলী আবরার জানান, নির্মলকে আপাতত ‘ইলেকটিভ ভেন্টিলেশনে’ রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে তাকে সিঙ্গাপুর পাঠানোর চেষ্টা করা হবে।












