চট্টগ্রাম ধর্ম

সীতাকুন্ড শঙ্কর মঠের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরির ৭১তম আবির্ভাব উৎসব উদযাপন

 

চট্টগ্রামের সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের পঞ্চম আচার্য পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৭১তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আজ ২৭ নভেম্বর শুক্রবার মঠ প্রাঙ্গনে গুরুমহারাজের ব্যাসপূজা ও বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞসহ দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচীর আয়োজন করা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল-পবিত্র বেদ ও উপনিষদ পাঠ, বর্ণাঢ্য মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্তন, মঙ্গল শোভাযাত্রা, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীশ্রীগুরুপূজা, ধর্মীয় সংগীতাঞ্জলি, প্রসাদ বিতরণ ও মঠের অধ্যক্ষের বিশ্বজনীন ভাবনা শীর্ষক আলোচনা সভা। সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সভায় আর্শিবাদক ছিলেন শঙ্কর মঠের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। শঙ্কর মঠের ট্রাস্টি শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের প্রাক্তন ডীন প্রফেসর ড. জ্যোতিপ্রকাশ দত্ত। স্বাগত বক্তব্য রাখেন শঙ্কর মঠ ও মিশনের সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন, হিন্দু ধর্মীয় কর‌্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধর, কুন্ডেশ্বরী কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সিনহা, সীতাকুন্ড উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু, কক্সবাজার জেলা শারদীয় দূর্গাপূজা উদযাপন সমন্বয় পরিষদের সদস্য সচিব অরূপ শর্মা ও সীতাকুন্ড পৌরসভার সাবেক কাউন্সিলর এ.কে.এম শামসুল আলম আজাদ। আলোচক ছিলেন অগ্রনী ব্যাংকের সাবেক এজিএম মৃনাল ভট্টাচার্য্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রূপন কান্তি ধর, শঙ্কর মঠের কর্মকর্তা সুলাল কান্তি চৌধুরী, লায়ন সন্তোষ নন্দী, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত মল্লিক, লায়ন দিলীপ শীল, গোপাল পাল, বাসুদেব দাশ, অর্পণ ধর প্রমূখ। ধন্যবাদ জ্ঞাপন করেন শঙ্কর মঠ ও মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য। মঠের সাধু-সন্তুু, কর্মকর্তাবৃন্দ ও ভক্ত-শিষ্য-অনুরাগীরা সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের প্রাক্তন ডীন প্রফেসর ড. জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, আধ্যাত্বিক জীবন চর্চার মহাতীর্থপীঠ শঙ্কর মঠ ও মিশন। এ মঠের পঞ্চম আচার্য ও বর্তমান অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। তিনি অক্লান্ত পরিশ্রম করে শঙ্কর মঠের অধীনে ভারতের কাশীধামের আদলে এখানে শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন। শ্রীমদ্ভগবতগীতা প্রচারের মাধ্যমে অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলসভাবে সাধনা করে চলেছেন স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আমরা গীতার আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারলে আলোকিত সমাজ বিনির্মাণ হবে।
সভায় অন্যান্য বক্তারা বলেন, বিশ্বজনীন ধর্মগ্রন্থ শ্রীশ্রীমদ্ভগবত গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে বিরত রাখে। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। এখানে মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। নিষ্কাম কর্ম ও অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বেও সাধনা করাই হলো গীতা শিক্ষা। ###

Related Posts