চট্টগ্রাম সিএমপি

সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন কৃষ্ণ পদ রায়

 

চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন ডিআইজি কৃষ্ণ পদ রায়।

সোমবার সকালে চট্টগ্রামের ৩১তম পুলিশ কমিশনার হিসাবে কৃষ্ণ পদ রায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন বলে অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেল জানান।

গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নগরের নতুন পুলিশ কমিশনার হিসাবে কৃষ্ণ পদ রায়কে দায়িত্ব দেওয়া হয়। তিনি আগের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের স্থলাভিষিক্ত হলেন।

এডিসি রাসেল জানান, সকালে মহানগর পুলিশের সদরদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাকে সশস্ত্র সালাম জানানো হয়।

নগরীর দামপাড়া পুলিশ লাইনসের জনক চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন কমিশনার। পরে নিজের অফিসে এসে দায়িত্ব বুঝে নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করা কৃষ্ণ পদ রায় ১৯৯৫ সালে পঞ্চদশ বিসিএসে পুলিশ বাহিনীতে যোগ দেন।

চাকরি জীবনে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

কমিশনার হয়ে চট্টগ্রামের ফেরার আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন কৃষ্ণ পদ রায়।

Related Posts