আন্তর্জাতিক প্রবাসী বিদেশ

সৌদিতেসড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ বাংলাদেশি নিহত

 

সৌদি আরবে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ।

নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান।

বৃহস্পতিবার তারা তিনজন আল কাসিম শহরে উদ্দেশ্যে প্রাইভেট কার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, ‘মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে।’

 

Related Posts