গত ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ শুক্রবার বিকেল পাঁচটায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে দূতাবাসের সহযোগিতায় মহিলা সমিতি আবুধাবি কর্তৃক কর্মহীন ভাসমান প্রবাসী বাংলাদেশীদের নিয়ে এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবির উদ্যোগে কর্মহীন ভাসমান প্রবাসী বাংলাদেশীদের জন্য ইফতার, খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবি এর প্রেসিডেন্ট মিসেস সালমা আহমেদ জাফর, মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস আবুধাবি এর সহধর্মিনী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি এর ভাইস প্রেসিডেন্ট মিসেস জাকিয়া হাসান,জেনারেল সেক্রেটারি মিসেস পপি রহমান ও সম্মানিত অন্যান্য সদস্য বৃন্দ । মহিলা সমিতি আবুধাবি এর সদস্যবৃন্দের মধ্য হতে আর্থিক সহায়তা সংগ্রহ সাপেক্ষে এ সকল কর্মহীন ভাসমান প্রবাসী বাংলাদেশীদের প্রতিজনকে ৪০০ দিরহাম করে প্রদান করা হয়। মোট ২২ জন কে এ কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয় । এছাড়া মালাবার গোল্ড এন্ড ডায়মন্ডস এর পক্ষ হতে নিত্য ব্যবহার্য ১৬ রকম খাদ্য সামগ্রীর একটি করে বক্স এ সকল প্রবাসীদের হাতে হস্তান্তর করা হয়। এ সময় মালাবার গোল্ডেন ডায়মন্ডস এর প্রতিনিধি গণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আর্থিক ও খাদ্য সহযোগিতা প্রাপ্ত প্রবাসী বাংলাদেশীগণ বাংলাদেশ মহিলা সমিতি, আবুধাবি কে ধন্যবাদ জানান জানান এবং এ ধরনের উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা জানান অনেকেরই দীর্ঘদিন ধরে চাকরি নেই। অনেকেরই কোম্পানি এখন বন্ধ। কিন্তু বৈধ ভিসা থাকায় এখনো তারা এ দেশে অবস্থান করছেন এবং ভাসমান কাজ করে চলেছেন। এখনো তারা কাজ পান কখনো পাননা। তাই তাদের আর্থিক সংকট লেগেই রয়েছে। তাদের মধ্য হতেই এই ২২ জন নারী পুরুষকে বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবি নির্বাচন করে তাদের জন্য খাদ্য এবং আর্থিক সহযোগিতা সহ মহিলা সমিতির প্রেসিডেন্টের পক্ষ হতে ইফতারের আয়োজন করা হয়ে থাকে। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সহধর্মিনী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কাউন্সিলর শ্রম মোছাঃ লুৎফুন নাহার নাজীম।
মহিলা সমিতি আাবুধাবি এর প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যায় দূতাবাসের সহযোগিতা গ্রহণ করবেন। তারা যেন বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রেখেই তাদের জীবন যাপন করেন। এখানে কাজের সমস্যা কিংবা ভিসা জটিলতা থাকলে বরং দেশে ফিরে গিয়ে নিজেকে পুনর্বাসন এর জন্যেও পরামর্শ প্রদান করেন তিনি । বর্তমানে বাংলাদেশ সরকারের পুনর্বাসনের জন্য অনেকগুলি কর্মসূচি চালু রয়েছে। সেখান থেকে সহযোগিতা গ্রহণ সাপেক্ষে নিজেদের প্রতিষ্ঠিত করবার জন্য দিকনির্দেশনা প্রদান করেন তিনি। তিনি আরো বলেন, প্রতিটি প্রবাসীকে তার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। কারণ প্রবাসীদের তাদের নিজের এবং তার পরিবারের জন্য সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগে শামিল হওয়ার জন্য বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবির সংশ্লিষ্ট সকল সদস্যকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষত এই কাজের সাথে সার্বিক সহযোগিতা সহ ওতোপ্রতভাবে সম্পৃক্ত মিসেস নাজনীন আরা, মিসেস মমতাজ লিপি, মিসেস মাহফুজা নাসরিন ঝিনুক সহ অন্যান্য সকল সদস্যকে তার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে বাংলাদেশ মহিলা সমিতির অংশগ্রহণকে তিনি অনুপ্রাণিত করেন।এছাড়া, বাংলাদেশ মহিলা সমিতির প্রেসিডেন্ট কর্তৃক মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের প্রতিও এ ধরনের মানবিক কাজে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, সাম্প্রতিককালে সিরিয়ায় ভূমিকম্পে দুর্গত লোকদের জন্য বাংলাদেশ মহিলা সমিতি ও বাংলাদেশ দূতাবাস আবুধাবির কর্মকর্তাদের পক্ষ হতে খাদ্য সহায়তা সহ নিত্য ব্যবহার্য বিভিন্ন রকম জিনিস, শীতবস্ত্র, শিশু খাদ্য ও নানারকম পণ্য সহায়তা প্রদান করা হয়েছে। সিরিয়ান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ও তার সহধর্মিনীর নিকট তা হস্তান্তর করা হয়। এ ধরনের উদ্যোগের তিনি ভূয়সী প্রশংসা করেন।
জেনারেল সেক্রেটারি মিসেস পপি রহমান জানান, বাংলাদেশ মহিলা সমিতির সদস্যবৃন্দ বিগত সময় থেকে এ ধরনের কাজে সম্পৃক্ত ছিলেন। বর্তমান প্রেসিডেন্ট মিসেস সালমা আহমেদ জাফর এর নেতৃত্বে এ ধরনের মানবিক কাজে আমরা নিজেদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে পারছি বলে প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।












