এবার চট্টগ্রামে পূর্ণ মন্ত্রী পেল দু’জন। এরা হলেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত ড.হাছান মাহমুদ ও চট্টগ্রাম-৯ কোতোয়ালি-বাকলিয়া আসন থেকে নির্বাচিত মহিবুল হাসান চৌধুরী নওফেল। এদের মধ্যে হাছান মাহমুদ এনিয়ে তৃতীয় বার এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল দ্বিতীয় বারের মত মন্ত্রী হলেন।
হাছান মাহমুদ ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে বন ও পরিবেশ এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তথ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার তিনি পেলেন পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব। বিগত দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি সফলভাবেই পালন করেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতিকে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইকবাল হাছান পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।
এ আসনে ভোট পড়েছে ২ লাখ ১৪ হাজার ৪৩৬। সংগৃহিত ভোট ৬৯.৪৩ শতাংশ।
অপরদিকে মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৮ থেকে ২০২৪ সাল মেয়াদে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি এবার পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি এবার উপমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হলেন।
চট্টগ্রাম ৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে তিনি ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সানজিদ রশিদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট।
তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। নওফেল পূর্ণ মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল বের করা হয়েছে চট্টগ্রামবাসির ব্যানারে। রাতে বের হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।












