নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আরও সম্প্রসারিত হচ্ছে। নিয়োগ পাচ্ছেন আরও কয়েকজন সদস্য। নতুন সদস্যদের শপথগ্রহণ হবে শুক্রবার সন্ধ্যায়।
এ মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে আরও দুজন স্থান পাচ্ছেন। এরি মধ্যে তাঁদের আমন্ত্রণ জানানো
হয়েছে।
তাঁরা হলেন,পর পর তিনবার সংরক্ষিত আসনের এমপি ওয়াসিকা আয়শা খান ও চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসন থেকে পর পর তিন বার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফোন করে চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান এমপি ও নজরুল ইসলাম চৌধুরী এমপি-কে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, বর্ধিত মন্ত্রিসভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং নজরুল ইসলাম চৌধুরী এমপি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
চন্দনাইশ আসন থেকে তিনবার নির্বাচিত এমপি নজরুল ইসলাম চৌধুরী বলেন,
আমাকে মন্ত্রী পরিষদ থেকে শপথ নেয়ার জন্য ফোন করা হয়েছে। আমাকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে।
সংরক্ষিত নারী আসন থেকে তিনবার নির্বাচিত এমপি ওয়াসিকা আয়শা খানও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মন্ত্রী পরিষদ থেকে ফোন পাওয়ার কথা জানান।
তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে।












