আন্তর্জাতিক ওপার বাংলা

ভারতের উপরাষ্ট্রপতি হলেন ধনখড়

দেশের নতুন উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখড়। প্রতিপক্ষ মার্গারেট আলভাকে বড় ব্যবধানে হারালেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ৩৭১টি ভোট। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের পেয়েছেন ৫২৮টি ভোট। মোট ভোটের ৭০ শতাংশ। ভোটের নিরিখে বিদায়ী উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কথা ৭৮০ জন সাংসদের। লোকসভার ৫৪৩ জন এবং রাজ্যসভার ২৪৫ জন। এই মুহূর্তে রাজ্যসভায় আটটি আসন খালি। ভোটদানে বিরত থেকেছেন তৃণমূলের ৩৪ জন সাংসদ। দলের নিষেধ অগ্রাহ্য করে ভোট দিয়েছেন শিশির এবং দিব্যেন্দু অধিকারী। হিসেব বলছে, ৭২৫ জন সাংসদ শনিবার জগদীপ এবং মার্গারেটের ভাগ্য নির্ধারণ করেছেন।

এনডিএর সাংসদ সংখ্যা ৪৪১। তার মধ্যে বিজেপি সাংসদ সংখ্যা ৩৯৪। পাঁচ জন মনোনীত সাংসদও ধনখড়কে সমর্থনের কথা বলেছেন। বিরোধী প্রার্থী মার্গারেটকে ভোট সমর্থন জানিয়েছে কংগ্রেস, এমকে স্ট্যালিনের ডিএমকে, লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কেজরীবালের আম আদমি পার্টি এবং বাম দলগুলো। শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর ন’জন সাংসদও সমর্থন করছে মার্গারেটকে। বিরোধী সাংসদদের ২০০টি ভোট পড়েছে তাঁর ঝুলিতে।

Related Posts