চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোঃ নুরুজ্জামাল শুদ্ধাচার পুরস্কার (২০২২-২০২৩)-এর জন্য মনোনীত হয়েছেন। গত রোববার (১১ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়। সরকারি কর্মচারিদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০২১ অনুযায়ী প্রতি অর্থবছরে শুদ্ধাচার চর্চার নিমিত্তে এ পুরস্কার প্রদান করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশের জেলা কার্যালয়সমূহ থেকে ১৭ হতে ২০ গ্রেডের কর্মচারীদের মধ্যে অফিস সহায়ক মোঃ নুরুজ্জামালকে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩এর জন্য মনোনীত করা হয়েছে। শুদ্ধাচার পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ। শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেনমোঃ নুরুজ্জামাল। ###












