নিজস্ব প্রতিবেদক |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির জনকের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে প্রকাশিত হয়েছে বিশিষ্ট শিশুসাহিত্যিক, ছড়াকার ও গীতিকবি অপু বড়ুয়া’র শিশুকিশোর গ্রন্থ ছোটদের প্রিয় বঙ্গবন্ধু।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবালের সভাপতিত্বে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফারহানা আফরিন জিনিয়া ।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়। বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান একটি সত্তা একটি ইতিহাস। যতদিন বাংলাদেশ থাকবে বাঙালি থাকবে ততদিন এদেশে বাঙালি হৃদয়ে বঙ্গবন্ধু অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরো বলেন, অপু বড়ুয়া একজন নিষ্ঠাবান ছড়াকার ও শিশুসাহিত্যিক। তার অনেকগুলো গ্রন্থের মধ্যে ছোটদের প্রিয় বঙ্গবন্ধু গ্রন্থটি একটি উল্লেখযোগ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।












