চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, কোনো ডিপার্টমেন্টের বা সংগঠনের পক্ষে ব্যাপক জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয়। আমরা যদি সত্যিকারের উন্নয়ন চাই, তাহলে শুধুমাত্র বিল্ডিং ও রাস্তাঘাটের উন্নয়ন করলেই হবে না, আমাদের মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের উন্নয়ন ঘটাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে শতভাগ উজাড় করে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন ও সবুজ বোয়ালখালী গড়ার প্রত্যয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ২৮ নভেম্বর শনিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি পরবর্তী প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেষে উপজেলা সদরে একটি গাছের চারা রোপন করেন তিনি। সবশেষে পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের জমাদারহাটে ও বেলছা দিয়ে ময়লা পরিস্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দীন, বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য শওকত আলম, বোয়ারখালী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব চেয়ারম্যান হামিদুল হক মন্নান, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রনজিত কুমার শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন-উর রশিদ, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস.এম মোদাচ্ছের, প্রেস ক্লাব বোয়ালখালী’র সভাপতি মোঃ সিরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, উন্নত রাষ্ট্র গড়তে হলে নাগরিকদের চিন্তা ভাবনা, আচরণ ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। পরিচ্ছন্নতা ও সড়কে চলাচলের ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে। শুধু আইন প্রয়োগ কিংবা জরিমানা করে এ পরিবর্তন সম্ভব নয়। মানুষের মধ্যে নিজস্ব দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে হবে। গত ১২ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে যে ক্রাশ প্রোগ্রাম ঘোষনা করেছিলেন, সেই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন উপজেলাতে যাচ্ছি এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতাবোধ তৈরীর উদ্দেশ্যে জেলা প্রশাসন কার্যক্রম অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে ডিসি বলেন, আমাদের তরুণ মেধাবী প্রজন্মকে মানবিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। আমাদের এই দেশের একমাত্র সম্পদ হচ্ছে তরুণ মেধাবী প্রজন্ম। তাদেরকে শুধু শিক্ষার সার্টিফিকেট হাতে তুলে দিবেন না, তারা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবেন যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, সমাজের পরিবর্তনের জন্য কাজ করতে পারে।
পরিচ্ছন্নতা, সুস্থতা ও মানবিক সমাজের কথা উল্লেখ কওে জেলা প্রশাসক বলেন, কোনো বাড়তি খরচ ছাড়াই সদিচ্ছা থেকেই পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব, যা ডেঙ্গু প্রতিরোধ ও নিরাপদ ভবিষ্যতের জন্য জরুরি। পাশাপাশি শিশুদের মানসিক সুস্থতা, আনন্দ ও ভালোবাসাপূর্ণ পরিবেশ নিশ্চিত করে সমাজের নিষ্ঠুরতা দূর করার আহ্বান জানান তিনি।
বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে ডিসি বলেন, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের সীমাবদ্ধতার জায়গাগুলো চিহ্নিত করে সুপ্ত প্রতিভা বিকাশে পাশে দাঁড়াতে হবে।
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে ডিসি জাহিদ বলেন, বর্তমান সরকারের যে লক্ষ্য ও উদ্দেশ্য আছে, আমরা সেই লক্ষ্য ও উদ্দেশ্য যদি পূরণ করতে চাই। এ জন্য সরকারের যে নির্ধারিত সময় সেই সময়ে কাজ করলেই হবে না, দিনের কাজ দিনে শেষ করতে হবে। আমাদের প্রত্যেকের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে। দেশটি আমাদের, আপনাদের-এ কথা মনে রাখতে হবে। এই দেশের যত বড় বাস্তবতাই থাকুক না কেন, যদি সত্যিই আপনার ইচ্ছা, আগ্রহ ও আন্তরিকতা থাকে তাহলে কোনো সীমাবদ্ধতাই সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমার দেশের প্রতিটি নাগরিক এখন অনেক বেশি দায়িত্বশীল। সেই দায়িত্বশীলতার পরিচয় আমাদের আচরণের মাধ্যমে দিতে হবে।
জেলা প্রশাসক বলেন, যদি সদিচ্ছা থাকে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোনো অর্থ ব্যয় হবে না। এই পরিবেশে আমরা বড় হচ্ছি। জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম এই পরিবেশে অতিবাহিত হচ্ছে। তাহলে এই পরিবেশটাকে নিরাপদ করে রাখার দায়িত্ব আপনার, আমার, সকলের। কারণ আমার দেশের একমাত্র সম্পদ হচ্ছে জনগণ। পরিবেশের অপরিচ্ছন্নতার কারণে কিংবা ডেঙ্গুর মতো রোগে আক্রান্ত হয়ে কেউ আক্রান্ত হবে কিংবা মারা যাবে-তা আমরা কখনও কামনা করি না। প্রতিটি নাগরিককে আমরা সুস্থ, সবল এবং দক্ষ করে গড়ে তুলতে চাই। আমরা যদি মানসিকভাবে সুস্থ থাকতে পারি, চিন্তাভাবনা সুস্থ রাখতে পারি, তাহলে সুন্দর সমাজ গড়ে উঠবে। আমরা সেই সমাজ প্রতষ্ঠা করতে চাই
যে সমাজে আমার সন্তানটি ভালোবাসায়, মায়া, আন্তরিকতা ও আনন্দ নিয়েই মধ্যে বেড়ে উঠবে এবং আনন্দের মাঝেই তার জীবন, শৈশব বেড়ে উঠার জন্য পরিবেশ তৈরি হবে।
অনুষ্ঠানে ডিসি আরও বলেন, অসহায় ও প্রতিবন্ধী মানুষসহ এই সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত। প্রতিবন্ধী মানুষেরও অনেক বেশি প্রতিভা রয়েছে। তাদের প্রতিভাগুলোকেও কাজে লাগাতে চাই। তাদেরকে একটা সুন্দর জীবন আমরা উপহার দিতে চাই। একটা নিরাপদ এবং মানবিক রাষ্ট্র গড়ে তোলা সকলে দায়িত্ব। আমরা যদি সত্যিকার অর্থে সেই প্রচেষ্টা বাস্তবায়ন করি তাহলে নিরাপদ এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব।###












