চট্টগ্রাম অফিস
মিরসরাইয়ে নাছির উদ্দিন নামে আওয়ামীলীগের এক নেতাকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় পেটানোর ঘটনায় পিটানোর ঘটনায় মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানাসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ঘটনার ১০ দিন পর ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নাছির উদ্দিন বাদি হয়ে বুধবার (২৭জুলাই) রাতে মিরসরাই থানায় মামলাটি দায়ের করেন। হামলার শিকার নাছির মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
মামলায় উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা ছাড়াও ইমাম হোসেন শেখ, শাখাওয়াত হোসেন, সাঈদ হোসেন, সাইফুল ইসলাম, মিনহাজ উদ্দিন, আবদুর রউফ, এমজাদ হোসেন আয়েচ, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ও নুরের ছাপাসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন মামলার এজাহারে উল্লেখ করেন, যুবলীগ সভাপতি রানা দীর্ঘদিন ধরে নাছির উদ্দিনকে তাদের ওয়ারিশী সম্পত্তি ক্রয়ের প্রস্তাব দিয়ে আসছে। নাছির তার সম্পত্তি বিক্রি করতে রাজী না হওয়ায় গত ১৭ জুলাই দুপুরে মাইনুর ইসলামের রানার নেতৃত্বে ১০-১২ জনেরর উশৃঙ্খল যুবকের দল হাদি ফকির হাট বাজারে তার পথরোধ করে এবং অতর্কিত মারধর শুরু করে। এক পর্যায়ে তার হাত বেঁধে টেনে হেঁচড়ে বাজারের দক্ষিন পাশে পরিত্যক্ত একটি স’ মিলে নিয়ে যায়। সেখানে তাকে একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে বিবস্ত্র করে ফেলে। তারপর আসামীরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। প্রায় ৪৫ মিনিট ব্যাপী তারা তার উপর নির্যাতন চালায় এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়। এ সময় তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে, পার্শ্ববর্তী এক বাসা থেকে একটি লুঙ্গি এনে পরায়। পরে তাকে প্রথম সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগীর স্বজন ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা করতে গেলে রানার রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ মামলা নেয়নি। বাজারে থাকা সিসিটিভি ফুটেজগুলো রানার অনুসারীরা সরিয়ে নিয়েছে। পরে গত রবিবার মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশে আসলে তার নির্দেশে গত বুধবার রাতে পুলিশ মামলা নেয়। তিনি (মোশাররফ) রানাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হবে বলে মন্তব্য করেন।
রানার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে এলাকার বিভিন্ন বিষয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করার অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ। তবে রানা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে ভয় পান বলে জানান তারা।
মিরসরাই থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক রাজিব পোদ্দার জানান, নাছির উদ্দিন বুধবার রাতে মাইনুর ইসলাম রানাসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।












