চট্টগ্রাম শোক ও স্মরণ

 বীর মুক্তিযোদ্ধা তপন আচার্যের পরলোকগমন রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন

 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন হাজারীগলি নিবাসী বীর মুক্তিযোদ্ধা তপন কুমার আচার্য (৭০) গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ ২৪ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর বলুয়ারদীঘিস্থ অভয়মিত্র মহাশ্মশানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীরসহ পুলিশের একটি চৌকষ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তপন কুমার আচার্যকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে প্রয়াতের সন্তানের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম নবীসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। এরপর অভয়মিত্র মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়। সৎকার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন অংশ নেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তপন আচার্য।
শোক প্রকাশ ঃ বীর মুক্তিযোদ্ধা তপন কুমার আচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্রনাথ সেন, সদরঘাট থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা অঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা তপন কুমার ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা মৃনাল আচার্যসহ সংসদের অধীন অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। ###

Related Posts