ফটিকছড়ির নানুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল মিছিলে মাইকে গুজব ছড়িয়ে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আ’লীগ, যুবলীগ নেতারা । এ সময় ৩টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় মো. হোসেন, আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি, বখতিয়ারসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পরে যুবদল ছাত্রদল নেতাকর্মীরা যুবলীগ নেতা করিমের বাড়ি ভাংচুর করে ও আগুন লাগিয়ে দেয়। একই সময় যুবলীগের তিনটি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রাম এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় নানুপুর বিএনপি শতাধিক নেতাকর্মী ৫০ টির উপর মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে নানুপুর থেকে বিনাজুরী হয়ে খিপাইত নগরের দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুজব ছড়িয়ে তাঁদের মিছিলে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা । পরে খবর পেয়ে সারা ফটিকছড়ির যুবদল ও অন্যান্য অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে গেলে নিষিদ্ধ সংগঠন আ’লীগের নেতা-কর্মীরা পালিয়ে যায়।
তাঁদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্মী করিমের নেতৃত্বে এ হামলা চালানো হয় । এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মারধর করা হয়। পাশাপাশি তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
নানুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মহিন উদ্দিন ইয়ামিনী, যুবদল নেতা আলী জহুর, নাছির উদ্দীন ও নজরুল জানান, ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে খিফায়েত নগর এলাকায় যাচ্ছিলাম । মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা নিষিদ্ধ ঘোষিত আ’লীগ, যুবলীগের কর্মী করিম ও তার ভাই রহিমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়।
এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
পরে যুবদল ছাত্রদল নেতাকর্মীরা তার বাড়ি ভাংচুর করে ও আগুন লাগিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নানুপুরে বিএনপির মোটরসাইকেল মিছিলে নিষিদ্ধ আ’লীগের হামলার পর যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে যুবদল,ছাত্রদল











