ভোলার চরফ্যাসনে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে নিজের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেছেন সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। গতকাল বুধবার ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
চার মাস আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান মেজবাহ উদ্দিন। তিনি জানান, সোমবার সন্ধ্যার পর চরফ্যাসনের চেয়ারম্যান বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান। মানুষ জড়ো হলে ২৫-৩০টি মোটরসাইকেলে এসে অস্ত্রধারীরা পেছন থেকে হামলা করে। পরে স্থানীয়রা তাদের প্রতিহত করেন। কিন্তু পরদিন মঙ্গলবার শ্বশুরবাড়িতে হামলা ও কেয়ারটেকারকে মারধর করা হয়। এ ছাড়া পথে পথে পাহারা বসিয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসা লোকজনকে মারধর ও তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আহত আবু সাঈদ মঙ্গলবার থানায় অজ্ঞাত ৫০-৬০ জনের নামে এজাহার দেন। শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মেজবাহ উদ্দিনের অভিযোগ, চরফ্যাসনে সন্ত্রাসী বাহিনীর কাছে সবাই অসহায়। প্রশাসনও অসহায়। কিন্তু মানুষ এ অপরাজনীতি থেকে মুক্তি চায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সক্রিয়ভাবে রাজনীতি করছি। আগামী নির্বাচনে ভোলা-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইব।’












