আইন আদালত চট্টগ্রাম

বিএনপি নেতা মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলের চেষ্টার অভিযোগ

 

হাটহাজারীতে প্রাচীন মন্দির মেখল পুণ্ডরীক ধামের অধীন লক্ষ্মী জনার্দন সরোবরের জায়গা দখলের অভিযোগ উঠেছে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।
লিখিত বক্তব্যে ইসকনের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। পুণ্ডরীক ধামের জায়গা দখলের চেষ্টা করা হলে কিংবা কোনো রকম ষড়যন্ত্র করা হলে সারাদেশের হিন্দুরা রাস্তায় নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারিও দেন তারা। পরে ইসকন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পুণ্ডরীক ধামের লক্ষ্মী জনার্দন বিগ্রহের সম্পত্তি বিএস খতিয়ানে তাদের নামে আছে দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দলবল নিয়ে মন্দিরের রাস্তার ওপর দেয়াল নির্মাণের চেষ্টা করেন তারা। এতে মন্দির কর্তৃপক্ষ বাধা দিলে বিএনপির এ নেতার পক্ষ থেকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে মহানগর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পুণ্ডরীক ধামের মানুষের সঙ্গে এলাকার ইসলাম ধর্মাবলম্বী লোকজনের সুসম্পর্ক রয়েছে। কিন্তু বিএনপি নেতা মীর নাছির ও তার ছেলে মন্দিরের জায়গা দখল করে সেবায়েতদের চলাচলের পথ রুদ্ধ করার মাধ্যমে এলাকায় অরাজকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। পাশাপাশি সাধু-সন্ন্যাসীদের প্রাণনাশেরও হুমকি দিচ্ছে।
ইসকন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বলেন, বিএনপি নেতা মীর নাছির ও তার ছেলে মীর হেলাল ভুয়া দলিল বানিয়ে মন্দিরের জায়গা দখল করছে। মন্দিরের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। লক্ষ্মী জনার্দন বিগ্রহের সম্পত্তি দেবোত্তর সম্পত্তি, যা কখনো হস্তান্তর যোগ্য নয়। আর এস খতিয়ানেও এ সম্পত্তি লক্ষ্মী জনার্দন বিগ্রহের নামে উল্লেখ রয়েছে। কিন্তু বিএস খতিয়ানে তার ধারাবাহিকতা না থাকার সুযোগে তারা নিজেদের নামে জাল দলিল তৈরি করে এ সম্পত্তি দখলের চেষ্টা করছে। এই পবিত্র ভূমি শ্রীল পুণ্ডরীক বিদ্যানিধির জন্মস্থান। বিগ্রহের তদানীন্তন সেবায়েত ছিলেন হর কুমার স্মৃতিতীর্থ।
এ ব্যাপারে মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও তার ছেলে মীর হেলালের বক্তব্য পাওয়া যায়নি। তবে ইতোপূর্বে তারা দাবি করেন, মন্দিরের কোনো জায়গা তারা দখল করেননি। দখল করার চেষ্টাও করছেন না।

Related Posts