রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জন্মেছিলেন বলেই আমরা বাংলাদেশ পেয়েছি। তিনি আমাদের আদর্শ। বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পেরে আমি গর্বিত।
তিনি মঙ্গলবার সকালে সিআরবি সাত রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপনকালে একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। চট্টগ্রাম থেকেই বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করেছেন। কালরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেন। বিল্পবী মাস্টারদা সূর্যসেন ১৯৩০ সালে চট্টগ্রামকে তিনদিন স্বাধীন করে রেখেছিলেন।
ফজলে করিম এমপি বলেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিচ্ছেন। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে যাবে দেশ।
তিনি বলেন,সিআরবি এখন সৌন্দর্য মণ্ডিত। লোকজন এখানে আসে বিনোদনের জন্য। এ সৌন্দর্য ধরে রেখে ভবিষ্যতে আরও সুন্দর করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক,দৈনিক পূর্বকোণ গ্রুপের চেয়ারম্যান জসিমউদদীন চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন,প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা প্রমুখ।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন,আমার স্বপ্ন ছিল রেলকে গতিশীল করা। অনেকটা করেছি। প্রতিটি স্টেশনে ম্যুরাল স্থাপন করা হচ্ছে। পলোগ্রাউন্ড মাঠে খেলা ছাড়া আর কিছুই হবে না। সেখানে ফুটবল,ক্রিকেট ও হকির জন্য আলাদা জায়গা থাকবে সিআরবির রাস্তা ডাবল করা হবে। পেট্রোল পাম্পের মেয়াদ শেষ হলে আর বাড়ানো হবে না। ঝর্ণা হচ্ছে,ওয়াকিওয়ে হবে।
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন,এক সময় আসাম বেঙ্গল রেলওয়ে হেডকোয়ার্টার ছিল চট্টগ্রামে,কিন্তু পরে অর্ধেক ঢাকায় নিয়ে যাওয়া হয়। তাতে অফিসারদের সুবিধা হয়েছে। তিনি নাজিরহাট,দোহাজারী ও ফেনী লাইনে আরও তিনটি ট্রেন চালানোর প্রস্তাব করেন। এটা করা হলে নগরে ২০% মানুষের চাপ কমবে। কারণ তারা গ্রাম থেকে এসে অফিস করবে। তবে অফিস সময় অনুযায়ী ট্রেন চলাচল করতে হবে।
জসিমউদদীন চৌধুরী বলেন, এমপি ফজলে করিম রেলকে অনেক গতিশীল করেছেন। যার সুফল দেশবাসি পাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
উল্লেখ্য,প্রায় কোটি টাকা ব্যয়ে ৫৭ ফুট উচ্চতার এ ম্যুরালটি নির্মাণ করা হচ্ছে। এটি এ অঞ্চলের সর্ববৃহৎ ম্যুরাল। ইতোমধ্যে টেন্ডার আহবান করেছে রেলওয়ে।
সিআরবি সাত রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ফজলে করিম এমপি












