পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে অপহরণ মামলা প্রত্যাহার করে নিতে বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। রবিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসদরে একটি রেস্টুরেন্টে অপহরণ মামলার বাদী ফজলুল ইসলাম সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছেন।
জানা যায়, গত ২৭ মার্চ প্রবাসী ফজলুল ইসলাম বাড়ীর বাজারের জন্য সকাল ১০টায় মোটর সাইকেল যোগে খাঁনহাট থেকে রৌশনহাট গেলে চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের রৌশন হাট ব্রিজের কাছে পৌছালে পেছন থেকে একটি সিএনজি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে চালক ফজলুল ইসলামকে মাটিতে ফেলে দেয়। এ সময় ফজলুল ইসলাম প্রতিবাদ করলে তাকে ৭/৮ জনের একদল অপহরণকারী সিএনজিতে করে অপহরণ করে পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের মোজাফরাবাদ বন্ন্যার ভিটা বটতল নিয়ে যায়। সেখানে অপহরণকারীরা বেধড়ক মারধর করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। ফজলুল ইসলামের সাথে থাকা মোবাইল আইফোন ফোরটিন প্রো—ম্যাক্স যার মুল্য ২ লক্ষ ১৫ হাজার টাকা ও পকেটে থাকা নগদ ৪৯ হাজার ৭০০ টাকা নিয়ে নেয়। দাবীকৃত মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা তাকে ফেলে চলে যায়। স্থানীয়রা সিএনজি চালককে আটক করে থানা পুলিশকে দেন। ভুক্তভোগী ফজলুল ইসলাম ঘটনার দিন রাতে এ ঘটনায় নুর হোসেন (২৩), আবদুর রহমান প্রকাশ আবু সামা (৩৭), ইব্রাহীম খোকা (২১) ও মো. মানিক (২২) কে এজহারভুক্ত আসামীকরে আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে অপহরণ মামলা দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ মামলার প্রধান আসামি নুর হোসেন ও ইব্রাহীম খোকাকে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য আসামীরা মামলার বাদী ফজলুল ইসলামকে মামলা প্রত্যাহার করে নিতে নানাভাবে চাপ প্রয়োগ করছেন। অন্যথায় প্রাণনাশের সম্ভাবনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে ফজলুল ইসলাম অভিযোগ করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওমর ফারুক মানিক, খোকন মাষ্টার, মোঃ ফারুক, আব্দুল আল মানিক, রবিন, মো. বাবু প্রমুখ।












