রীতা ধর
রাত যতই হয় গভীর নিকট আসে ভোর
দিনের আলোয় শ্যামল আঁচল সোনালি রোদ্দুর,
আকাশ থেকে যায় সরে গহন মেঘের কালো
ষড় ঋতুর পালাক্রমে আসে শরত আলো
নদীর ধারে কাশবন শিউলি থরে থরে
অরুণ আলোয় মেঘের ছায়া শুভ্রতা যায় ভরে।
মৃদু বাতাস ঢেউয়ে দোলে কচি ধানের ডগায়
গোটে মাঠের বাঁশির সুর পাখির কণ্ঠে শোনায়,
নদীর বুকে পাল তুলে যায় ছোট্ট ডিঙিনৌকা
পানকৌড়ি ডুব সাঁতারে মগ্ন একা একা।
শাপলা ফোটা পদ্ম দিঘির শান বাঁধানো ঘাটে
নুপুর পরা আলতা পায়ে রক্ত জবা ফোটে,
আগমনীর ধুম পরেছে মন্দিরে মন্দিরে
শারদীয়া মায়ের আঁচল কাশবনে ওড়ে,
দিন এসেছে দু:খ ভোলার, দিন এসেছে খুশীর
কচি মুখের হাসির রেখা যেন নরম শিশির।
অপরূপা শরত রানীর বিশ্বজয়ী হাসি
রঙ তুলির ছোঁয়ায় উঠে নীল আকাশে ভাসি।












