গভীর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তুলে নিয়ে গেছেন।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর খোঁজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মধ্যরাতে গুলশানের ৮১ নম্বর সড়কের ওই বাড়িটি ঘিরে ফেলেছিলেন বলে এই বিএনপি নেতার পরিবারের এক সদস্য জানিয়েছিলেন।
পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন–অর–রশীদও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। দলটির চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বিভিন্ন সময়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠকে তাঁকে দেখা গেছে।












