ফটিকছড়ি প্রতিনিধি.
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট নতুন রাস্তার মাথায় পাথর বোঝাই করা ড্রাম ট্রাকের সাথে রাবার বোঝাই করা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালকসহ ২জনের মৃত্যু হয়েছে। তারা হলেন চালক মোহাম্মদ রুবেল (২৬) এবং তার সহকারী মোহাম্মদ আলমগীর (২৮)। ৫ ডিসেম্বর (মঙ্গলবার) মধ্যরাত ভোররাত সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ফটিকছড়ি দাঁতমারা থেকে রাবার বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল তাদের। নিহত রুবেল ফটিকছড়ির ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলার ঝিলতলী এলাকার মোহাম্মদ মোসলেম উদ্দিনের পুত্র এবং নিহত আলমগীর একই এলাকার আব্দুর রশীদের পুত্র। তারা সম্পর্কে মামাতো- ফুফাতো ভাই বলে জানা গেছে ।
জানা যায়, মঙ্গলবার রাত তিন টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট নতুন রাস্তার মাথায় পাথর বোঝাই করা ড্রাম ট্রাকের সাথে রাবার বোঝাই করা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোহাম্মদ রুবেল এব তার সহকারী মোহাম্মদ আলমগীরের মৃত্যু হয়। অপর আহত ড্রাম ট্রাক চালক নূর মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আনিছ।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহামুদ বলেন- আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক দুইটি আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।












