দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান।
এ দুই প্রার্থী হলেন- চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান এবং ঝিনাইদহ-১ আসনের আব্দুল হাই। তারা দুজনই বর্তমানে সংসদ সদস্য।
এছাড়া বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে কবে তাকে ইসিতে ডাকা হবে তা নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা, অকথ্য ভাষায় গালাগাল ও লাইভ ডিভাইস ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে ইসির তদন্ত কমিটি।
নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার বলেন, ঝিনাইদহ-১ আসনের মো. আব্দুল হাইয়ের বিরুদ্ধে পৃথক দুই ঘটনায় দুটি মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিককে মারধর ও আচরণবিধি লংঘনের ঘটনায় মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান গত ৩০ নভেম্বর বিশাল শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করেন। ওই চিত্র ধারণের সময় সাংবাদিকদের মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয়। নির্বাচনী অনুসন্ধান কমিটি বিধি লংঘন হয়েছে বলে রিপোর্ট দেয়। এর পরই ইসি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত অভিযোগ দায়েরের নির্দেশ দেয়।
তিনি আরও বলেন, বরগুনা-১ আসনের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় নির্বাচন কমিশনে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে তাকে ডাকা হবে তা এখনো নির্ধারণ হয়নি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত আমার জানা নেই। আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে প্রার্থী, সমর্থক ও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে রোববার দুপুর পর্যন্ত ২০৮টি শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে জেলা প্রশাসক গঠিত তিন সদস্যের কমিটি রোববার ইসিতে প্রতিবেদন পাঠিয়েছে। ওই প্রতিবেদনে সাংবাদিকদের মারধরের ঘটনায় সত্যতা মিলেছে। নির্বাচনে বাহারকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একাধিক শোকজ করা হয়েছে।
বাঁশখালীর মোস্তাফিজসহ দু’এমপির বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির












