নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সংস্কার বেশি চাইলে আরও ৬ মাস বেশি সময় দিতে হবে। মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, জন-আকাঙ্ক্ষার যে জায়গাটা অন্তর্বর্তী সরকার তৈরি করতে পেরেছে সেটা হলো একটা রোডম্যাপ দিয়েছে। দুইটা ব্রড টাইম লাগিয়েছে। একটা হচ্ছে যদি রাজনৈতিক দলগুলো মনে করে বেশি সংস্কারে যাবে না। তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিবে অন্তর্বর্তী সরকার। আর যদি রাজনৈতিক দলগুলো মনে করে অন্তর্বর্তী সরকারকে দিয়ে অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নিবে, তাহলে আরও ৬ মাস বেশি সময় দিতে হবে।
তিনি বলেন, লুটপাট-দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬ কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সাথে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
শফিকুল আলম বলেন, আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি। অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল তাতে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে ২২ বিলিয়ন ডলার।
বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন












