চট্টগ্রাম শোক ও স্মরণ

বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে আনা হচ্ছে বৃহস্পতিবার

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ কাল বৃহস্পতিবার আনা হচ্ছে চট্টগ্রামে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় ঢাকা থেকে মরদেহ নিয়ে হেলিকপ্টর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সাড়ে তিনটার সময় অবতরণ করার কথা রয়েছে।
বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য রাখা হবে। পরদিন শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধমাত্র বিশ্ববিদ্যালয়টির ছাত্র , শিক্ষক ও কর্মচারী কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। পরে সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র , শিক্ষক ও কর্মচারী কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের মাঠে দর্শনার্থীদের জন্য রাখা হবে।
শেষে দুপুর ১টায় মরদেহ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে বাদে জুমা বেলা আড়াইটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সর্বশেষ বাদ এ আসর রাউজান গহিরা স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান ২৫ ফেব্রয়ারি মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডি বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে।

Related Posts