পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা।
মঙ্গলবার (৩ জুন) স্থানীয় সরকার বিভাগের ইউপি ১শাখার এক স্বারকে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
৮ নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোছাম্মৎ রাশেদা বেগমকে উক্ত পরিপত্রের মাধ্যমে ইউনিয়ন পরিষদে জনসেবা ও পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
উল্লেখ্য, গেল বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আত্নগোপনে চলে যান। এরপর গত ২১ জানুয়ারি কাশিয়াইশ ইউনিয়ন পরিষদে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ইউপি পরিষদ চেয়ারম্যানের ক্ষেত্রে দায়িত্বশীল একজন কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান এবং তাদের নামে ইউজার আইডি ও পাস ওয়ার্ড প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনার পরিপ্রেক্ষিতে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদে উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সফিকুল ইসলামকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।












