দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক মানবিক কাজ করে সারা দেশে মানবিক ডিসি হিসেবে পরিচিতি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রোববার (১৬ নভেম্বর) তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিয়েছেন। কাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন তিনি। তার বিদায় অনুষ্ঠানে রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা–কর্মচারীরাও বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। রাতে জেলা প্রশাসকের বাংলোতে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা শেষ মুহূর্তেও রেখে গেলেন মানবিকতার আরেকটি উদাহরণ। শারীরিক প্রতিবন্ধী দুস্থ এক কবিকে নিজের বাসায় আপ্যায়ন করে তাকে অত্যাধুনিক ইলেকট্রনিক হুইলচেয়ার উপহার দিয়ে বিদায় নিলেন তিনি।
নারায়ণগঞ্জ শহরের সালেহনগর এলাকার আলী আহাম্মদ ও রহিমা বেগম দম্পতির ছেলে ইমরান আহম্মেদ (৪৬)। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী, কবি ও লেখক। তার চারটি গল্পগ্রন্থ, উপন্যাস ও কাব্যগ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
বিদায় অনুষ্ঠানের মধ্যেই জেলা প্রশাসক তাকে ডেকে পরম মমতায় কুশলাদি বিনিময় করে উপহার দিলেন ইলেকট্রনিক হুইলচেয়ার। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শেষ মুহূর্তেও তার এই মানবিক কাজের প্রশংসা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে—বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ–আহত পরিবার, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, দুস্থ মানুষ, অসহায় শিশু, কারাবন্দি, ঝুঁকিপূর্ণ রোগী—সবাইয়ের ঠিকানা হয়ে উঠেছিলেন তিনি।












