ফটিকছড়ির প্রকৃতি শুধু সৌন্দর্যের নয়, এটি এক জীবন্ত সম্পদ, জীববৈচিত্র্যের ভান্ডার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীর। তিনি বলেন- এ অঞ্চলের বনাঞ্চল রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় ইটভাটায় উন্নত কয়লা বা পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে । উপজেলা জুড়ে বৃক্ষরোপণ করতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগর ও গ্রাম ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ ধারণাটি দ্রুত বাস্তবায়ন এবং আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছেন। এটি পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সেই ধারাবাহিকতায় ফটিকছড়িতেও সবাইকে এগিয়ে এসে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন -হাজারীখিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। এই বন ও এর জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। উন্নয়নের পাশাপাশি আমরা যেন প্রকৃতির এই ভারসাম্য অটুট রাখতে পারি সেদিকে সবাইকে সচেতন হতে হবে।
তিনি শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ফটিকছড়ি উপজেলার হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় বিডি ক্লিন চট্টগ্রাম জেলা টিমের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচ্ছন্ন আড্ডায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন প্রবীন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নুরুল ইসলাম মেম্বার, ওসমান চৌধুরী, মোহাম্মদ আলী মেম্বার, মো. সাইফুদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, কুতুব উদ্দিন,
বিডি ক্লিনের আলমগীর খান মুন্না, জুবায়ের সিয়াম,
মেহেদী হাসান, নাইম ইসলাম চৌধুরী, নাইম ইসলাম চৌধুরীসহ আরো অনেকেই।












