হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা ও উৎসব – ২৬। আজ ১৮ মে ২০২৬ সুসজ্জিত প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এবং কমান্ড্যান্ট আর্টিলারি সেন্টার ও স্কুল ব্রিগেডিয়ার জেনারেল মো: আবুল কালাম শামসুদ্দিন রানা, পিজিবিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মো: গোলাম মোর্শেদ, পিএসসি, উপাধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক।
“বিজ্ঞান উপলব্ধি ছাড়া কিছুই নয়। কিছু উপলব্ধি না করতে পারলে বিজ্ঞানের কোন মূল্যই থাকেনা।”- প্লেটো
অধুনা বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার প্রয়াসে এবং যুক্তি নির্ভর উপলব্ধির প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য এ মেলার আয়োজন করা হয়। বিজ্ঞান মেলায় অংশ নেয় চট্টগ্রামের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য়-১২শ শ্রেণির ৫০০ এর অধিক কোমলমতি শিক্ষার্থী। শিক্ষার্থীরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ২৩০ টি প্রজেক্ট উপস্থাপন করে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড: এ এইচ রাশেদুল হোসাইন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ অনিমেশ কুমার চক্রবর্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ ওমর ফারুক। প্রজেক্ট উপস্থাপন ছাড়াও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন গ্রুপে প্রজেক্ট বিজয়ী, কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, অতিথিদের সম্মাননা প্রদান ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্যে এই চমৎকার সময়োপযোগী আয়োজনের উপযোগিতা উঠে আসে। সবশেষে সম্মানিত অধ্যক্ষ সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং শুধুই বিজয় না অংশগ্রহণের মাধ্যমে শেখার আনন্দকে উপভোগ করার, জানার আগ্রহকে প্রসারিত করার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি












