নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয়ের এ সময়ে চট্টগ্রামকে বাঁচাতে সিআরবি রক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সিআরবি রক্ষার দাবিতে নাগরিক সমাজ চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মক্কার তাপমাত্রা যখন ৫২ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয় তখন মক্কার মানুষ অসহ্য গরম থেকে হাঁপ ছেড়ে বাঁচতে মক্কা থেকে ৩০ কিলোমিটার দূরে তায়েফে গিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন। কারণ সেই সময় তায়েফের তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
ঠিক তেমনি চট্টগ্রামের তাপমাত্রা যখন ৪২ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয় তখন চট্টগ্রামের মানুষ হাঁপ ছেড়ে বাঁচতে সিআরবিতে চলে আসে স্বস্তির নিশ্বাস নেওয়ার জন্য। কারণ সেই সময় অরণ্যঘেরা সিআরবির তাপমাত্রা থাকে ৩২ ডিগ্রি।
আজকের দিনে সিআরবির অরণ্যকে ধ্বংস করে যারা হাসপাতাল নির্মাণ করতে চায় তারা পরিবেশের শত্রু, দেশের শত্রু, আগামী প্রজন্মের শত্রু। হাসপাতাল অনেক জায়গায় নির্মাণ করা যাবে কিন্তু প্রাকৃতিক এই সিআরবি যদি একবার ধ্বংস করা হয় সেটি আর গড়া যাবে না। তাই প্রকৃতিকে ধ্বংস করা যাবে না।












