অনেকদিনের জল্পনাকল্পনা ও উত্তেজনামূলক অপেক্ষার পর অবশেষে সুচারুরূপে অনুষ্ঠিত হয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠান তথা উক্ত সংগঠনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বা Oath taking ceremony. উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয় চট্টগ্রাম প্রেসক্লাব, জামালখানের এস. রহমান হলে বিকেল চারটা থেকে ছয়টায়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব ডালিয়া বড়ুয়া। সেই সাথে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত জনকয়েক শিক্ষকমণ্ডলী, HCPSC-EXSA সংগঠনের সদস্যবৃন্দ ও কিছু সংখ্যক অতিথি। উক্ত অনুষ্ঠানটির উপস্থাপনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী উম্মে হাবিবা মায়িশা।
উক্ত অনুষ্ঠানটির শুভারম্ভ হয় প্রধান অতিথির প্রবেশ ও পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর HCPSC-EXSA সংগঠনের সভাপতি শফিউল ইসলাম ভুঁইয়া তার বক্তব্যের মাধ্যমে সকলকে উক্ত সংগঠনটির সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। এরপর HCPSC এর প্রাক্তন শিক্ষার্থী সুমাইয়া ইসরাত নুবা HCPSC-EXSA এর নীতিমালা যথাযথভাবে উপস্থাপন করেন। এ পর্যায়ে HCPSC-EXSA এর বিশেষ অতিথি জনাব ডালিয়া বড়ুয়া এ সংগঠন, তার লক্ষ্য ও নীতিমালা বিষয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করেন। এরপরই অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটির মূল আকর্ষণ তথা সংগঠনের সদস্যদের শপথ গ্রহণ। প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম বুলবুল সংগঠনটির সদস্যদের দৃপ্তকণ্ঠে শপথবাক্য পড়ান,ও তাদের দায়িত্ব পালনে উজ্জীবিত করেন। শপথ পাঠ শেষে প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে সংগঠনটির প্রতি তার আশাবাদী মনোভাব ব্যক্ত করেন। তার বক্তৃতার পর HCPSC-EXSA সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি জনাব সাব্বির আহমেদ তার বক্তব্যে কমিটি মেম্বারদেরকে স্ব-স্ব দায়িত্ব যথার্থভাবে পালন করার অনুরোধ জানান। পরবর্তী পর্যায়ে HCPSC-EXSAএর সভাপতি শফিউল ইসলাম ভুঁইয়া গোটা সংগঠনটির পক্ষ থেকে প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম বুলবুল ও বিশেষ অতিথি জনাব ডালিয়া বড়ুয়াকে সংগঠনটির পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ ও আন্তরিক সহযোগিতার জন্যে HCPSC-EXSA এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ পর্যায়ে সম্মানিত উপদেষ্টা শিক্ষকমডলীকে তাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এবং ফটোসেশনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে আজকের অনুষ্ঠান তথা হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠানের।












