মোহাম্মদ সফিউল আলম
যে ছিলো প্রজন্মের অগ্রণী একজন
ক্লাসে এবং ক্লাসের বাইরে
রাজপথে, করিডোরে
কবিতা পাঠের জমজমাট আসরে
যে ছিলো তুখোড় সবচেয়ে
যে ছিলো উচ্ছল, প্রানখোলা
নিবিড় কুঞ্জের বৈশাখী আয়োজনে
কিংবা যে কোন সাংস্কৃতিক সন্ধ্যায়
হারমোনিয়ামে মায়াবী সুর তুলে
সাবলিল স্বচ্ছন্দে গাইতো-
“তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়া…..”
যে ছিলো মিছিলের সবচেয়ে মুখরিত একজন
প্রতিবাদী, আপোষহীন
মুষ্টিবদ্ধ হাত তুলে বাতাস কাঁপিয়ে দিতো
” মানি না, মানবো না……..”
সেই তাকেই মেনে নিতে হলো একদিন
হিংস্র এক সন্ত্রাসীর বুলেটের দাবি
বারুদের গন্ধে হারিয়ে গেলো
সাহসী এক জীবনের সম্ভাবনার সমস্ত সৌরভ
বুলেটের ভয়াল শব্দে ভেঙে গেলো
ডাগর দু’টি চোখের নিঃশব্দে সাজানো স্বপ্নগুলো
আমরা প্রশ্নবিদ্ধ হলাম –
কেন এমন হলো?
কেন এমন হয়……..?
কবি নিউইয়র্ক প্রবাসী












