মেঘ ঝরবে, ঝরবে বুঝি
বৃষ্টি হবে খুব?
গুটিসুটি পা গুটিয়ে
পাতার ফাঁকে ছোট্ট পাখি
ঐযে বসে চুপ!
কালো মেঘ করছে ধাওয়া
মাতাল হলো কৃষ্ণ হাওয়া
বৃষ্টি নামুক ঝমঝমিয়ে
উতল প্রাণ যাক না ছুঁয়ে
শুদ্ধ জলে নাওয়া।
পাতার গায়ে শিরশিরিয়ে
তপ্ত দাহ দিক সরিয়ে,
পল্লী গাঁয়ের পথ ভিজিয়ে
পাল তুলে দিক রুমঝুমিয়ে
মাঠির বুকে নুয়ে।
বৃষ্টি এলো বৃষ্টি এলো
ভাসে শ্রাবণ ভেলা
তোমার মেঘে আমার মেঘে
আলোছায়ার সজল রাগে
দাপায় ছেলে বেলা।
বৃষ্টি এলো বৃষ্টি এলো
দৃষ্টিকাড়া কৃষ্ণ চুলে,
রমরমিয়ে গা ভাসিয়ে
তালদিঘিটায় টুপটুপিয়ে
নাচে মনের ভুলে।
বৃষ্টি এলো বৃষ্টি এলো
সৃষ্টি ছাড়া উল্লাসে,
তৃষ্ণা মাখা রঙিন পাখা
মনের কোনে ছবি আঁকা
স্বপ্নগুলো বান ভাসে।












