নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় ফটিকছড়ির দাঁতমারা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জানে আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জানে আলম।
এদিন তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, ২০২৩ সালে বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে হেঁয়াকো বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগ দিতে সরওয়ার আলমগীরের নেতৃত্বে বিএনপির কর্মীরা যাওয়ার পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পরিকল্পিত হামলা চালান। হামলায় সরওয়ার আলমগীরসহ একাধিক নেতাকর্মী আহত হন এবং গাড়িবহরে অগ্নিসংযোগ করা হয়।
ওই ঘটনায় দাঁতমারা ইউনিয়ন যুবদলের কর্মী মোহাম্মদ ইয়াকুব বাদী হয়ে গত বছরের ৩ অক্টোবর ৩৭ জনকে আসামি করে একটি মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি জানান, মামলার ১১ জন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে মঙ্গলবার জেলা জজ আদালতে হাজির হন। শুনানির পর আদালত ১০ জনের জামিন মঞ্জুর করলেও ১ নম্বর আসামি জানে আলমের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে আসামি জানে আলমের জামিন শুনানিতে অংশ নেন বিএনপির এক আইনজীবী । এতে ফটিকছড়ি বিএনপিতে ক্ষোভ দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেন, আওয়ামী লীগ নেতা জানে আলমের নেতৃত্বে মজু কোম্পানিসহ দুর্বৃত্তরা এ হামলায় অংশ নিয়েছে। তিনি বলেন,কিভাবে একজন বিএনপি সমর্থিত আইনজীবী তার জামিন শুনানিতে অংশ নেন। এটা নৈতিকতাবিরোধী। তিনি বলেন,তাতেই বুঝা যায় এ হসমলার সাথে কিছু বিএনপি নেতার ইন্ধন ছিল। তিনি এ আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির হাইকমান্ডকে অনুরোধ জানান।
বিএনপি নেতা সরওয়ার আলমগীরের গাড়ি বহরে হামলা, আ.লীগ নেতা জানে আলম কারাগারে












