ঘাটফরহাদবেগ আতরজান জামে মসজিদের মুসল্লি ও এলাকার যুব সমাজের উদ্যোগে সকল মরহুমের ইছালে সাওয়াব উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার বাদ এশা মোহাম্মদ ইলিয়াছ সর্দার এর সভাপতিত্বে ও মাওলানা মোর্শেদের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. আব্দুল ওয়াদুদ, লোকমান হোসেন, আনোয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কেরানীহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মামুনুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করতে হলে তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ জন্য সমাজের প্রতিটি মসজিদে নিয়মিতভাবে এ ধরনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা উচিত।
তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোর ও যুব সমাজের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হবে।
অনুষ্ঠান শেষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।











