নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। চলমান জাতীয় জীবাণু নিরোধকরণ কর্মসূচি (মধ্যরাত ১২টা থেকে ভোর ৫টা) তুলে নেওয়া হয়েছে। ফলে দেশটির রাজধানীতে যেকোনো সময় চলাচলে আর কোনো বাধা নেই। করোনা পরিস্থিতির সার্বিক উন্নতিতে আবুধাবির ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার কমিটি গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) মধ্যরাত থেকে এ লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দেয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আবুধাবী প্রবেশের নতুন নিয়মও ঘোষণা করা হয়েছে, যা আজ ২০ আগস্ট থেকে কার্যকর হচ্ছে। নতুন নিয়মে যারা ভ্যাক্সিন দিয়েছেন তারা আল হোসেন অ্যাপসে ‘E’ বা তারকা চিহ্ন (*) নিয়ে সাত দিনের মধ্যে আবুধাবিতে আসা-যাওয়া করতে পারবেন বা আবুধাবিতে অবস্থান করতে পারবেন।
আর যারা ভ্যাক্সিন নেননি তাদের পিসিআর নিয়ে ৪৮ ঘণ্টায় আবুধাবি প্রবেশ করে চার দিন আর আট দিনে পিসিআর টেস্ট করাতে হবে। যারা ২৪ ঘণ্টার ডিপিআই টেস্ট দিয়ে আসবেন, তারা তিন দিন আর সাত দিনে পিসিআর টেস্ট দিয়ে আবুধাবিতে অবস্থান করতে পারবেন।












