চট্টগ্রাম স্বাস্থ্য

লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠীর সুরক্ষা ও স্বীকৃতি প্রয়োজনঃ সিভিল সার্জন

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) চট্টগ্রাম শাখার উদ্যোগে জিও-এনজিও প্রতিনিধি ও ট্রান্সজেন্ডার বিভাগীয় নেতাদের জন্য অ্যাডভোকেসী সভা আজ ২ আগস্ট  মঙ্গলবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এফপিএবি’র অবৈতনিক কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ও এফপিএবি’র চট্টগ্রাম জেলা শাখার কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত অ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী। বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়া, সূর্যের আলো হিজড়া সংঘের সভাপতি ফাল্গুনী হিজড়া, হেলথ এডুকেটর প্রবীর মিত্র, বন্ধু সোস্যাল ওযেলফেয়ার সোসাইটির ডিএম শ্যামল মন্ডল, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি শ্যামল এফ রোজারিও প্রমূখ। সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অ্যাডভোকেসী সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, বাংলাদেশের লিঙ্গ পরিচয়ের বৈচিত্রের আইনী স্বীকৃতি হিজড়া পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ। ট্রান্সজেন্ডারদের লিঙ্গ সমতা উপলব্দি করার জন্য আইনী কাঠামোতে অনেক সংস্কার আনা প্রয়োজন। কেননা হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠী জন্মের পর পরিবারেই প্রথম বৈষম্যের শিকার হয়। সামাজিক নানান চাপে বাবা-মা তাদেরকে পরিবার থেকে বের করে দিতে বাধ্য হন। লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠীর আইনী সুরক্ষা ও স্বীকৃতি প্রয়োজন। হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠীর পুনর্বাসনে বর্তমান সরকার উদ্যোগ নিলেও প্রথমে পরিবার থেকেই এগিয়ে আসতে হবে। তারা যাতে উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত না হয় সে জন্য আইন করতে হবে। ###

Related Posts