——————–
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সদস্য, যমুনা টিভির রিপোর্টার আল আমিন সিকদার ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমনের ওপর হামলায় জড়িত আইনজীবীদের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও বার কাউন্সিল সনদ বাতিলের দাবিতে আইনমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে সিইউজে। সোমবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের নিয়মিত আদালত ভবন এলাকায় যাতায়াত করতে হয়। কিন্তু গত ১৭ আগস্ট পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আদালত ভবন এলাকায় যমুনা টিভি রিপোর্টার আল আমিন সিকদার ও ক্যামেরাপার্সন সৈয়দ আসাদুজ্জামান লিমনের ওপর কতিপয় উচ্ছৃংখল আইনজীবী হামলা চালায়। পেশাদার সাংবাদিকদের সঙ্গে কতিপয় উচ্ছৃংখল আইনজীবীর এ ধরনের জঘন্য আচরণ সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত। এ ঘটনার মধ্য দিয়ে তাঁরা আইন পেশার ওপর কালিমা লেপন করেছেন। চট্টগ্রামের সাংবাদিক সমাজ তাঁদের এহেন আচরণে চরমভাবে ক্ষুব্ধ। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলার সঙ্গে জড়িত আইনজীবীদের সহজেই সনাক্ত করা সম্ভব। বিচারাঙ্গন ও আইন পেশার মর্যাদা রক্ষা এবং পেশাগত দায়িত্ব পালনের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনায় জড়িত উচ্ছৃংখল আইনজীবীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
স্মারকলিপিতে ঘটনায় জড়িত ফৌজদারি অপরাধে অভিযুক্ত দুই আইনজীবীসহ অন্যদের চিহ্নিত করে তাঁদের বার কাউন্সিল সনদ বাতিল করার দাবি জানানো হয়। একই সঙ্গে আইনের রক্ষক হয়ে আইনভঙ্গ করার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ ফৌজদারি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ অনুরোধ জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের প্রতিনিধি ইউনিট প্রধান মাসুদুল হক, যমুনা টিভির ব্যুরো প্রধান জামসেদ রেহমান চৌধুরী, সিইউজে সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুবল বড়–য়া, হুমায়ুন মাসুদ, তাসনিম হাসান, মিনহাজুল ইসলাম, সরওয়ার কামাল, রনি দাশ, আকমাল হোসেন, এম এ হান্নান কাজল, চম্পক চক্রবর্তী, বাচ্চু বড়ুয়া, নাজিম উদ্দিন, সাইমন আল মুরাদ, যমুনা টিভির জ্যেষ্ট প্রযোজক মোহাম্মদ তারেক, সাইদুর রহমান ইভান, বায়েজীদ ইমন প্রমুখ।












