চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। নগরীর ‘কিং অব চিটাগং’ এ সম্মেলন আয়োজন করা হবে।
মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত দলের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন যেসব ইউনিট এবং ওয়ার্ড ও থানা শাখার সম্মেলন এখনও হয়নি, সেগুলো ত্রিবার্ষিক সম্মেলনের আগেই করতে হবে।
একই সঙ্গে সভায় স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে কয়েকটি ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি থানার সাংগঠনিক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সদস্য সচিব এবং বর্তমান কমিটির সব সদস্যকে নিয়ে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, মহানগর আওয়ামী লীগের সম্মেলন প্রাণবন্ত ও সফল করতে আগামী ৫ জুলাই বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হবে এবং সম্মেলন সফল করার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম চূড়ান্ত ও দলীয় নেতাকর্মীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুচ সালাম, নোমান আল মাহমুদ এমপি প্রমুখ।












