চট্টগ্রাম সংগঠন খবর

বাল্যবিবাহের কারণেই কন্যা শিশুরা শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়েঃ এডিসি

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদি উর রহিম জাদিদ বলেছেন, বাল্যবিবাহ কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় অন্যতম প্রধান অন্তরায়। বাল্যবিবাহের কারণেই কন্যা শিশু তাদের শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়ে। বাল্যবিবাহ রোধসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তাকে সমুন্নত রাখতে হবে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ এর অংশ হিসেবে আজ ৫ অক্টোবর ২০২৩ ইংরেজি বৃহস্পতিবার সকালে নগরীর নাসিরাবাদস্থ চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা “আমার কথা শোনো” (ছোটরা বলবে, বড়রা শুনবেন)-শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশনায় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু একাডেমি আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-“বিনোয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার”।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ছেলে শিশুদের পাশাপাশি কন্যা শিশুদেরকে পড়ালেখা ও আনন্দ-বিনোদনে উৎসাহিত করতে হবে। মোবাইলের পরিবর্তে বেশি বেশি করে বই পড়ায় উৎসাহিত করার মাধ্যমে তাদেরকে অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাদেরকে নীতি-নৈতিকতা শিখাতে হবে। প্রত্যেক কন্যা শিশুর নেতৃত্ব বিকাশে এখন থেকে স্কুল পর্যায়ে উদ্যোগ নিতে হবে। শিশু অধিকার যাতে লংঘিত না হয় সে বিষয়ে সকল অভিভাবকসহ সংশ্লিষ্টদেরকে আরো সচেতন হতে হবে। শিশু সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও সংগঠনগুলো এগিয়ে আসলে শিশু নির্যাতন বন্ধসহ শিশুশ্রম আইন ও শিশু নীতি বাস্তবায়ন হবে।
চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএফএম ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহিলা ও শিশু বিষয়ক উপ-পরিচালক মাধবী বড়–য়া, শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, ঘাসফুল’র সহকারী পরিচালক সাদিয়া রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া আহমেদ আতিফা ও তাহিয়া জারিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ##

Related Posts