মো.এমরান হোসেন,ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব পদত্যাগ করেছেন। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান হোসাইন মো. আবু তৈয়ব। তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। সচিব পদত্যাগ পত্রটি গ্রহণ করেন এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন। পদত্যাগ সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি চিঠি বুধবার বিকেল সাড়ে ৪টায় পেয়েছেন বলে জানান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। এর আগে মঙ্গলবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর কাছ থেকে হোসাইন মো. আবু তৈয়ব’র পক্ষে মনোনয়ন ফরম নেন তার কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব বলেন, ভোটারদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছি । সেই সঙ্গে উপজেলা চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেছি। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগও রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে চাই বলে মন্তব্য করেন তিনি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন নাহার মুক্তাঃ ফটিকছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হয়েছেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা। উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করায় পদটি শূণ্য হয়ে পড়ে। স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ করায় প্যানেল চেয়ারম্যান-০১ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়। বুধবার ২৯নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ করায় প্যানেল চেয়ারম্যান-০১ জেবুন নাহার মুক্তা উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে।
জেবুন নাহার মুক্তা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন পেয়েছি।












