সিনিউজ ডেস্ক:
রাজশাহীর বাঘায় অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের বিয়ে দেওয়ার ঘটনায় হুমায়ন কবির (৩৭) নামে এক ভুয়া কাজীকে আটক করেছে পুলিশ। ৩ জানুয়ারী দুপুরে উপজেলার উৎসব পার্ক থেকে তাকে আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
আইন বহির্ভুত বিয়ে রেজিস্ট্রি করানো হয়, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ ছাতারী গ্রামের কায়েম উদ্দিনের ছেলে কাজী হুমায়ন কবিরকে আটক করে। পরে কাজীকে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়ে এলে তিনি অপরাধ স্বীকার করায় আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করেন।
এ বিষয়ে রাজশাহী মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সংগঠনের সভাপতি কাজি মোহাম্মদ নুরুল আলম বলেন, উপজেলা পর্যায়ে যারা কাজির দায়িত্ব পালন করেন তাদের মধ্যে ইউনিয়ন এবং পৌর সভার অধীন একজন প্রধান এবং তাদের মাধ্যমে একের অধীক সহকারী কাজি কাজ করে থাকেন। এ ক্ষেত্রে হুমায়ন কবির নিজেকে সহকারী দাবি করলেও নিজের পক্ষে কোন প্রমাণ তিনি দেখাতে পারেননি।












