মো. এমরান হোসেন,ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর শিল্প পাড়া এলাকায় একটি ভবনের তিন তলা ছাদ থেকে নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম আবুল হাশেম (৫৭)। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল শুক্কুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার মৃত মো. আবুল গফুরের ছেলে।
জানা গেছে, আবুল হাসেম গ্রামীণ ব্যাংক স্থানীয় কাঞ্চননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজারের পদে দায়িত্বরত ছিলেন। তিনি সকালে বাসা বাড়ির তিন তলা ছাদের বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নিচে পড়ে গেছেন তিনি।
ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।












