শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে কাজির দেউড়ির আউটার স্টেডিয়ামের মুক্তমঞ্চে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিগণ ফিলিস্তিন সমর্থনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অনুষ্ঠানে ফিলিস্তিনে ঘটে যাওয়া নির্যাতন, অত্যাচার ও শিশু হত্যার চিত্র বর্ণনা করে বক্তব্য দেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন মজুমদার, মূকাভিনয় শিল্পী আসবাবির রাফসান।
মানববন্ধন ও আলোচনা শেষে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহযোগিতায় যুদ্ধ বিরোধী মুকাভিনয় পরিবেশনা করা হয়।
ওয়ান ওয়ে, চেয়ার শিরোনামে মুকাভিনয় পরিবেশনা করে প্যান্টোমাইম মুভমেন্ট। অভিনয়ে ছিলেন শান্তনু দাশ, সাজিদ হাসান রনি, জয়নুল জয়, বাবলু দাশ। আবহ সংগীতে ছিলেন ইফতেখার উদ্দিন রুবেল।
বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান ও প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি সোলেমান মেহেদী বলেন, ‘মুকাভিনয় একটি শক্তিশালী মাধ্যম, যা ভাষার বাধা ছাড়াই মানবিক বার্তা পৌঁছাতে সক্ষম। আমরা এই প্রদর্শনীর মাধ্যমে যুদ্ধ বিরোধী বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে চাই।’
এই প্রদর্শনী চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মূকাভিনয় শিল্পীরা তাদের শিল্পের মাধ্যমে মানবতার পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ বিরোধী বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মুকাভিনয় ফেডারেশানের অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী।












